ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে পশ্চিম সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে জোটটি।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ছয়টি হামলা চালানোর দাবি করেছে হুতিরা। তাদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেল স্থাপনা ও বিমানবন্দরও ছিল।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানী রিয়াদ অভিমুখে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদি জোট ও হুতিদের মধ্যে উত্তেজনা ও সামরিক সংঘাত আরও বেড়েছে। উভয় পক্ষই গত কয়েক দিনে একাধিক সামরিক অভিযান ও পাল্টাপাল্টি হামলার খবর জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িত রয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে তারা। অন্যদিকে, ২০১৪ সালের সেপ্টেম্বরে রাজধানী সানা দখল করে নেয় হুতি বিদ্রোহীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর