সারাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃতদের মধ্যে ২ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে, আর বাকি ৬ জন হামের তীব্র উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চের পর থেকে দেশে হামের পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে।
এছাড়া গত এক মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩,০৬৫ জন, আর একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২০,৩৫২ জনে পৌঁছেছে।
হামের প্রাদুর্ভাব বাড়ায় দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ কয়েকগুণ বেড়েছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৯৬ জন। তবে এখনো বিশাল সংখ্যক রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডগুলোতে চিকিৎসাধীন রয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর