ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তালিকায় তরুণ, ত্যাগী ও অভিজ্ঞ নেত্রীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মনোনয়ন ফরম বিক্রির সময় থেকেই আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন এবং ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ফারজানা সিঁথি। তবে চূড়ান্ত তালিকায় তাদের কেউই স্থান পাননি।
এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করা মডেল মেঘনা আলম ও ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও বাদ পড়েছেন।
রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থীও তালিকায় জায়গা পাননি। তাদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণী এবং মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী, মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ।
এছাড়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা বেশ কয়েকজন নেতার স্ত্রী ও নারী নেত্রীর নামও বাদ পড়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
দলীয় সূত্র জানায়, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের প্রতি অবদানকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে আলোচিত অনেক নাম বাদ পড়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর