ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ দল। বোলিং বিভাগে কিছুটা অনভিজ্ঞতা থাকলেও ব্যাটিং লাইনআপ নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক লিটন কুমার দাস।
রোববার (২৬ এপ্রিল) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, দলে সবসময় ছয়জন নির্ভরযোগ্য ব্যাটার থাকে। এছাড়া রিশাদ ও শেখ মেহেদীও ব্যাটিংয়ে অবদান রাখতে পারেন। পেস বিভাগে সাইফউদ্দিন, সাকিব ও নতুন করে যোগ দেওয়া সাকলাইন রয়েছে—সব মিলিয়ে দলটি ভারসাম্যপূর্ণ বলেই মনে করেন তিনি।
ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে দল এখনও সেরা ছন্দে নেই। তবে এটিকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না অধিনায়ক। তিনি বলেন, দীর্ঘদিন পর টি-টোয়েন্টি খেলতে নামায় শুরুতে কিছুটা চ্যালেঞ্জ থাকবেই। তবে কয়েকটি ম্যাচ খেললেই দল ছন্দ ফিরে পাবে এবং সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করবে।
প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে তাসকিন ও মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হলেও এতে দলের পারফরম্যান্সে বড় কোনো প্রভাব পড়বে না বলেই বিশ্বাস লিটনের।
তার ভাষ্য, বোলারদের জন্য খুবই সহজ ব্যাপারটা, রোটেট করে খেলানো। আপনারাও জানেন যে, ২ জন নেই। তারা বাংলাদেশের জন্য বড় সম্পদ। আমি চাই না তারা টানা ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। সামনে আমাদের ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টেও আছে। এদিক দিয়ে চিন্তা করেই পরিবর্তন আনা হয়েছে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানকার উইকেট নিয়ে লিটন বলেন, শুরুতে, উইকেট দেখেছি। দুই দলের জন্যই সমান হবে। খেলা হলে বুঝা যাবে। দেখে মনে হয়েছে ভালো হবে। নতুন কিউরেটর খুব ভালো উইকেট দিচ্ছেন অনেক দিন ধরে, আশা করি ভালো উইকেট হবে এবারও।
কুশল/সাএ
সর্বশেষ খবর