• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৫:৩০ বিকাল

কোনো জমি অনাবাদি থাকবে না: কৃষিমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আমরা চাই না এক ইঞ্চি জমিও অনাবাদি থাকুক। প্রতিটি ইঞ্চি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় এনে দেশের খাদ্য উৎপাদন আরও বাড়ানো হবে। কৃষি ও মৎস্য উৎপাদনে প্রতিটি সম্পদকে কাজে লাগানো হবে। মন্ত্রী সোমবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষিজমি, জলাশয় বা অন্য কোনো উৎপাদনক্ষম সম্পদ হোক—সবকিছুকেই উৎপাদনের আওতায় আনা হবে। তিনি বলেন, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য।

মন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরসহ অব্যবহৃত জলাশয়গুলোকে উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে হালদা নদীর উন্নতমানের দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সক্ষমতা রাখে। পুকুরের পরিবেশ ও খাদ্য উপযোগিতা বিবেচনায় এসব মাছ অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য আকার ধারণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগের মাধ্যমে মাছ চাষ সম্পর্কে বাস্তব ধারণা পাবে, পুষ্টিকর খাদ্যের গুরুত্ব উপলব্ধি করবে এবং আত্মনির্ভরশীলতার মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত হবে। তিনি আরও বলেন, মাছচাষি ও কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সরকার বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র, হারভেস্টিং ও প্লান্টিং মেশিন বিনামূল্যে বিতরণ করছে। একই সঙ্গে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সরকার উন্মুক্ত জলাশয়ে ব্যাপকহারে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি বাস্তবায়ন করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সরকার দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে ব্যাপক পরিসরে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশীয় কার্পজাতীয় মাছের উৎপাদন বাড়াতে সরকারি হ্যাচারিগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের পোনা উৎপাদন বৃদ্ধি এবং সেগুলো উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: জিয়া হায়দার চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বাসার ভূঁঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]