মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দেওয়া এক বাণীতে তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
বিএনপি মহাসচিব বলেন, ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা মূলত ত্যাগের শিক্ষা দেয়। কোরবানির ঈদ নামে পরিচিত এই উৎসবের প্রধান তাৎপর্য হলো আল্লাহর নৈকট্য অর্জন।
তিনি আরও বলেন, ঈদুল আজহার মাধ্যমে মানুষ আত্মত্যাগ, সংযম ও মানবকল্যাণের শিক্ষা গ্রহণ করে। মনের অশুভতা দূর করে সহজ-সরল জীবনযাপনের মধ্য দিয়ে স্রষ্টার সন্তুষ্টি অর্জনই কোরবানির মূল বার্তা।
কোরবানির মহিমান্বিত আদর্শে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ এবং মানবকল্যাণে কাজ করার আহ্বানও জানান তিনি।
তিনি আরো বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। এটি ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব। এর মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায়। প্রতিটি উৎসবই ধর্ম, বর্ণ-নির্বিশেষে মানুষের চিত্তবৃত্তি ও ঔদার্য প্রসারিত করে। উৎসব মানবজাতিকে সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ করে।
সামাজিক অন্ধকারের গহন থেকে মানবিক আলোর ভূমিতে সমবেত করে। সুতরাং ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার উৎসবে সাম্য, উদারতা ও পারস্পারিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। আসুন, আমরা অঙ্গীকার করি— কায়েমি স্বার্থকে এড়িয়ে ঈদুল আজহার এই আনন্দ, ত্যাগ ও উৎসবের দিনে অসহায়-নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহা সবার জীবনকে করে তুলুক আনন্দময়, মহান আল্লাহ তায়ালার দরবারে আমি এ প্রার্থনা জানাই।
কুশল/সাএ
সর্বশেষ খবর