রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা ভেঙে পদ্মা নদীতে ডুবে যাওয়া ‘এসবি পরিবহন’-এর যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সময় বাসটিতে শুধু চালক, হেলপার ও সুপারভাইজার ছিলেন। তারা নিয়ন্ত্রণ হারানোর পর পানিতে পড়ে আহত হন এবং পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে ওঠার সময় যাত্রীদের নেমে যেতে বলা হয়। পরে সবাই নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। এরপর চালক বাসটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও পন্টুনের র্যাম ভেঙে বাসটি নদীতে পড়ে যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসটি ফেরিঘাটের পন্টুন ভেঙে পদ্মায় পড়ে যায়। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর