চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে সভায় অংশ নেওয়া কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন একটি বিশ্রামাগারে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রের দাবি, সভায় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের অর্থায়নে মাইজভাণ্ডারী ভক্তদের জন্য প্রতিষ্ঠিত ও পরিচালিত ওই বিশ্রামাগারে সভার আয়োজন করা হয়। সেখানে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা বৈঠক করেন।
সভার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে রোসাংগিরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহরিয়ার সাজু বলেন, “নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন প্রকাশ্যে সভা করছে, অথচ প্রশাসন আগে থেকে তা জানত না- এটি উদ্বেগজনক।”
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ছাত্রলীগের সভার বিষয়টি জানার পরপরই পুলিশ অভিযান চালিয়েছে। এ ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার পেছনে কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর