বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী শিশু মারজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে বধুয়া বাড়ি ব্রিজের উত্তর পাশ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
নিহত মারজিয়া খাতুন ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের মিজানুরের মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে মারজিয়া তার সহপাঠী নাইম ও শোহানের সাথে বাড়ির পাশে বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে মারজিয়া নিখোঁজ হয়।
সহপাঠীদের সুবাদে খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে তল্লাশি শুরু করলেও তার কোনো সন্ধান পায়নি। পরে খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল এসে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।
গতকাল শনিবার (১৩ জুন) দিনভর চেষ্টা করেও শিশুটিকে খুঁজে পেতে ব্যর্থ হয় তারা। পরবর্তীতে আজ রোববার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হলে সাড়ে ১১টার দিকে বধুয়া বাড়ি ব্রিজের উত্তর পাশ থেকে মারজিয়ার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো নবীনগর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর