• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
রাশেদুল ইসলাম রাশেদ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৩:২৪ দুপুর

মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিঘাতে বড় ভাইয়ের মৃত্যু 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

একই মায়ের গর্ভে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই। শৈশবের অসংখ্য স্মৃতি, হাসি-কান্না আর ভালোবাসার বন্ধন মুহূর্তেই রক্তাক্ত ট্র্যাজেডিতে পরিণত হলো। একটি মোটরসাইকেলকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন বড় ভাই সাকিব (২২)। এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাগুরা গ্রাম।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার। এর আগে বুধবার গভীর রাতে উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিব ও অভিযুক্ত রাকিব (১৮) একই পরিবারের দুই ভাই। তারা এলাকার বাসিন্দা এরশাদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেল কার দায়িত্বে থাকবে, তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পারিবারিক উঠানে শুরু হওয়া সেই তর্ক একসময় ভয়াবহ রূপ নেয়। উত্তেজনার একপর্যায়ে ছোট ভাই রাকিব ধারালো ছুরি দিয়ে বড় ভাই সাকিবকে আঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে মোটরসাইকেলটি পরিবারের নাকি অন্য কারও, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

গ্রামবাসীর ভাষ্য, দুই ভাইয়ের এমন পরিণতি তাদের মর্মাহত করেছে। যে ভাইয়ের সঙ্গে একসময় একই থালায় খাবার খেত, সেই ভাইয়ের হাতেই প্রাণ হারাতে হলো সাকিবকে—এ ঘটনা কেউই সহজে মেনে নিতে পারছেন না।

একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা আর সম্পর্কের বন্ধন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। মোটরসাইকেল নিয়ে সামান্য বিরোধের পরিণতিতে বড় ভাইয়ের নিথর দেহ আর ছোট ভাইয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ—এ যেন এক হৃদয়বিদারক পারিবারিক ট্র্যাজেডি।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]