কাভার্ডভ্যানে লুকিয়ে ঢাকায় ইয়াবা পাচারকালে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ারবাজার এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও কুমিল্লা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাঁরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন। আজ চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি প্রাইভেটকারের স্কটের মাধ্যমে ইয়াবার চালান ঢাকামুখী যাচ্ছিল। গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রাইভেটকারটির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা স্বীকার করেন যে, একটি কাভার্ডভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচার করা হচ্ছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে গাড়িটির উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতরা হলেন কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যান চালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন। পুলিশ জানায়, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর