রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা জোরদারে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র এবং ২টি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আইজিপি বলেন, পূর্বাচলে দ্রুত বর্ধনশীল জনসংখ্যা ও নগরায়ণের বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় নতুন পুলিশি অবকাঠামো গড়ে তোলার কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, এসব স্থাপনার জন্য পুলিশের অনুকূলে মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মো. আলী হোসেন ফকির আরও বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে সম্পূর্ণভাবে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক একটি বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টিরও প্রস্তাবনা রয়েছে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর