• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৫:০১ বিকাল

জুলাই নিয়ে বক্তব্য, নিলোফার সঙ্গে কথা শেষে যা বললেন রাকিব

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর তার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, মনির ব্যাখ্যার পর তার টকশোতে দেওয়া অস্পষ্ট ও অসমাপ্ত বক্তব্য নিয়ে আর কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাকিব জানান, একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে তিনি নিলোফার চৌধুরী মনির সঙ্গে আলোচনা করেছেন।

রাকিবের ভাষ্য অনুযায়ী, মনি ব্যাখ্যা দিয়ে বলেছেন, জুলাই-আগস্টে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার আজ্ঞাবহ বাহিনী ও সন্ত্রাসীরা’ শত শত ছাত্র-জনতাকে হত্যা করে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। টকশোতে ‘স্নাইপারের গুলি’ বলতে তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলির কথাই বোঝাতে চেয়েছিলেন।

তিনি আরও জানান, ‘ডিজাইন’ বলতে মনি বুঝিয়েছেন—ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধভাবে একটি পরিকল্পনার মাধ্যমে গণঅভ্যুত্থান সফল করেছে।

রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে লেখেন, “মাননীয় সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এই ব্যাখ্যার পর টকশোতে তার অস্পষ্ট ও অসমাপ্ত বক্তব্য নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে নিলোফার চৌধুরী মনির ভূমিকা প্রশ্নাতীত। ভবিষ্যতেও তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনার প্রতি আপসহীন থাকবেন বলেও আশা প্রকাশ করেন।

এর আগে বৃহস্পতিবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে মনির বক্তব্যের সমালোচনা করেছিলেন ছাত্রদল সভাপতি। সেখানে তিনি লিখেছিলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযাত্রী হওয়া সত্ত্বেও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে তার সাম্প্রতিক বক্তব্যে ছাত্রদল মর্মাহত ও ক্ষুব্ধ।

সেই পোস্টে তিনি লিখেছিলেন, “আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা বিশ্বাস করি, আপনি জুলাইয়ের চেতনায় বিশ্বাসী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই ভবিষ্যতে এ বিষয়ে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নিলোফার চৌধুরী মনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে কারা মূল ভূমিকা পালন করেছেন, তা অনেকেই জানতেন না। আন্দোলনে অংশ নেওয়া অনেকেই একে অপরকে চিনতেন না এবং কোথা থেকে গুলি আসছিল, সেটিও বুঝতে পারেননি। তিনি আরও বলেন, “স্নাইপারের গুলি ছিল, অনেকেই পড়ে গেছে।”

একই অনুষ্ঠানে আন্দোলন ‘ডিজাইন’ করা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডিজাইন তো অবশ্যই ছিল, তবে ষড়যন্ত্র ছিল কি না, তা জানি না।” এছাড়া আন্দোলন নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর তার কাছে স্পষ্ট নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]