গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে নেত্রকোণায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ সভাপতিত্ব করেন এবং জেলা সেক্রেটারি মো. বদরুল আমিন পরিচালনা করেন। প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা বলেন, জনগণের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার জনগণের সরকার হতে পারে না। তিনি বলেন, সরকারকে সফল দেখতে চাই এবং তাদের সংশোধনের সুযোগ দিতে চাই। তবে গণভোটে প্রদত্ত জনগণের রায় বাস্তবায়ন না হলে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ বলেন, জুলাই আন্দোলন কোনো একক দলের নয়; এটি গণঅভ্যুত্থানের ফসল। তিনি দাবি করেন, সরকার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এলেও গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করছে। তিনি সংবিধান সংস্কার, ইনসাফ প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আসাদ উল্লাহ আকন্দ, এলডিপির জেলা সভাপতি মিজানুর রহমান মুকুলসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর