স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং সেগুলো নিষ্পত্তির বিস্তারিত সময়সূচি ইতোমধ্যে অনুমোদন করেছে কমিশন। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩(জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, ৩১ জুলাই ২০০৮ বা তার আগে জন্মগ্রহণকারী এবং ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ভোটার হিসেবে নিবন্ধিত বা নিবন্ধিত হবেন—এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং নিষ্পত্তির সময়সূচি কমিশন অনুমোদন করেছে।
সময়সূচি অনুযায়ী, ৪ আগস্টের মধ্যে খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে পাঠানো হবে। ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ, ২৪ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ, ২৭ আগস্টের মধ্যে আবেদন নিষ্পত্তি, ২৮ আগস্ট সিদ্ধান্ত সন্নিবেশ এবং ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এ সময় খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে তালিকা যাচাই ও ভুল-ত্রুটি সংশোধনের আবেদন করতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এছাড়া তালিকায় নারী-পুরুষের শ্রেণিবিন্যাস, ধর্মসহ অন্য যেকোনো তথ্যগত ভুল থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর