ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বুধবার দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান ইস্যুতে ইতালির অবস্থান স্পষ্ট রয়েছে।
তিনি বলেন, “ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই আমাদের অবস্থান পরিষ্কার। আমরা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেব না।”
এর আগে চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যগামী মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। এর মাধ্যমে রোম সরাসরি সামরিক সম্পৃক্ততা এড়িয়ে চলার অবস্থানও তুলে ধরেছিল।
ন্যাটো সম্মেলন শেষে সাংবাদিকরা মেলোনিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরিতে তার রাজনৈতিক বিনিয়োগ নিয়ে প্রশ্ন করেন। জানতে চাওয়া হয়, এ বিষয়ে তার কোনো অনুশোচনা বা ভিন্ন ভাবনা তৈরি হয়েছে কি না।
জবাবে মেলোনি বলেন, “না, আমি যা করেছি, তা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।”
চলতি বছরের এপ্রিলে ট্রাম্প প্রথমবারের মতো প্রকাশ্যে মেলোনির সমালোচনা করেন। এর আগে ইরান যুদ্ধ প্রসঙ্গে পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছিলেন মেলোনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর