সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার (২৪ অক্টোবর) দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আকাশপথে ‘শত্রুতামূলক হামলার’ সতর্কতা জারি করে। একই সময়ে রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব।
বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানা গেছে।
এএফপির এক সাংবাদিক জানান, বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পৌঁছানোর কয়েক মিনিট পর রিয়াদে দুটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। অল্প সময়ের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করা হয়।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের সতর্কবার্তায় বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় শত্রুতামূলক আকাশপথের হুমকি রয়েছে। এ অবস্থায় বাসিন্দাদের শান্ত থাকতে এবং ঘরের ভেতরে অথবা জানালা-দরজা থেকে দূরে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়।
রিয়াদের পাশাপাশি রাজধানীর দক্ষিণে অবস্থিত ওয়াদি আদ-দাওয়াসির এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরানেও একই ধরনের সতর্কতা জারি করা হয়।
এদিকে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার সময় প্রতিহত করা হয়েছে। এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোনও প্রতিহত করার দাবি করেছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে সৌদি আরবে হামলা বাড়িয়েছে হুথিরা। এর মধ্যে ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে চালানো একটি হামলায় ১৩ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে শনিবারের বিস্ফোরণগুলোর সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর