যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দক্ষিণ ইরানের একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইরানে নতুন করে চালানো বোমা হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানোর দাবি করেছে তেহরান। একই সময়ে বান্দার আব্বাস, সিরিক, জাস্ক এবং কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান বাহরাইন, কুয়েত, ওমান, কাতার এবং জর্ডানে পাল্টা হামলা চালানোর দাবি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে ইরানের দাবি, কেশম দ্বীপ লক্ষ্য করে ‘শত্রুপক্ষের’ প্রায় এক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে উন্মুক্ত রয়েছে। তবে ইরানের পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি ফিরে না আসা পর্যন্ত হরমুজ প্রণালিতে কোনো ধরনের নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে না।’
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে নতুন এ পাল্টাপাল্টি হামলার দাবিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর