রাজধানীতে ইতালীয় ঐতিহ্যের ছোঁয়ায় আয়োজিত হলো এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের নতুন প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’। এর মাধ্যমে বাংলাদেশের সিরামিক শিল্পে নন্দনতত্ত্ব ও আধুনিক স্থাপত্যের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। ‘এসেন্স অব ইতালিয়ান ক্রাফট’ - এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়াও অনুষ্ঠান অলংকৃত করেছেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হাকিম (সুমন), নির্বাহী পরিচালক জনাব ইমরান আহমেদ ও দেশ-বিদেশের খ্যাতনামা স্থপতি, ব্যবসায়ী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আফরোজা খানম রিতা সাধুবাদ জানিয়ে বলেন, “মিলানো সিরামিকস একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে অত্যাধুনিক ইতালিয়ান প্রযুক্তি, আন্তর্জাতিক গুণগত মানসম্পন্ন পণ্য এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে।” তিনি আরো বলেন, “বাংলাদেশ সরকার শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের উদ্যোগকে সর্বদা উৎসাহিত করে। এ ধরনের বিনিয়োগ দেশের উন্নয়ন অভিযাত্রাকে আরও গতিশীল করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ’র চেয়ারম্যান প্রকৌশলী মো: রিয়াজুল ইসলাম। তিনি বলেন, “মিলানো সিরামিকস আধুনিক প্রযুক্তি, উন্নত ডিজাইন, মানসম্মত উৎপাদন এবং দায়িত্বশীল শিল্পচর্চার মাধ্যমে দেশের নির্মাণ ও আবাসন খাতে ইতিবাচক ভূমিকা রাখবে।”
এক্সপোর্ট প্রমোশন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান মো: হাসান আরিফ, গণপূর্ত অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মোঃ আসিফুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মইনুল ইসলাম এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ-এর সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদ সহ দেশের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম (সুমন)। নিজের দূরদর্শী ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা কেবল সিরামিক পণ্য তৈরি করছি না, আমরা প্রতিটি ঘরকে একটি লিভিং মাস্টারপিসে রূপান্তর করতে চাই।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর