২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতেই বিদায় নিয়েছে ব্রাজিল। হেক্সা মিশন ব্যর্থ হওয়ার পর মাঠের বাইরে সময় কাটাচ্ছেন নেইমার জুনিয়র। নতুন মৌসুমে ফেরার আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আন্তর্জাতিক পোকার প্রতিযোগিতায় অংশ নেন ব্রাজিলের এই কিংবদন্তি। তবে বিদায় নিতে হয়েছে খালি হাতেই।
পোকার টুর্নামেন্টে ১০,০০০ ডলার মূল্যের মেইন ইভেন্টে অংশ নেন নেইমার। তার উপস্থিতির বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অবশ্য পোকার টেবিলে নেইমারের উপস্থিতি এবারই প্রথম নয়। ২০১৫ সালেও অংশ নিয়ে সেবার ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছেছিলেন।
তবে গতবারের মতো এবার আর পোকার টেবিলে ম্যাজিক দেখাতে পারেননি নেইমার। টুর্নামেন্টের প্রথম দিনই বিদায় নিতে হয়েছে ৩৪ বছর বয়সী এই তারকাকে।
পোকার টুর্নামেন্টে নেইমারের এই অংশগ্রহণ মূলত ব্রাজিলের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরপরই ঘটল। গত ৫ জুলাই ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্লিং হলান্ডের নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় সেলেসাওরা।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা ছিল মিশ্র অভিজ্ঞতার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মরক্কোর সঙ্গে ১-১ ড্র করে সেলেসাওরা। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে ব্রাজিল।
শেষ ৩২’র ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে শেষ হয় ব্রাজিলের হেক্সার স্বপ্ন।
নরওয়ের বিপক্ষে ম্যাচের ৬৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে টুর্নামেন্টের শেষ গোলটিও করেন তিনি। ডান পায়ের কাফের চোট নিয়ে বিশ্বকাপে আসায় পুরো টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান নেইমার।
নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের দিনই আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের ঘোষণা দেন নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে ১২৯ ম্যাচে ৮০ গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতা তিনি। তবে আক্ষেপ একটাই— চারবার বিশ্বকাপে অংশ নিলেও প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে এই কিংবদন্তিকে।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাচ্ছেন। গত দুই মৌসুম ধরে তিনি খেলছেন ব্রাজিলের ঘরোয়া সিরি-আ লিগের ক্লাব সান্তোসের হয়ে—যেখান থেকে একসময় বিশ্ব ফুটবলে তাঁর উত্থান ঘটেছিল।
সূত্র: মার্কা
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর