জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় পৃথক দুটি ধারায় এমরান হোসেন (২৮) নামের এক আসামীকে যাবজ্জীবন ও দশ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
আসামীর বিরুদ্ধে উভয় ধারায় তার ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক মাস করে কারাদন্ডেরও আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এমরান হোসেন পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। সে মামলায় জামিন নেয়ার পর থেকে পলাতক আছে। তার অনুপস্থিতিতে মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: তসরুজ্জামান এ রায় ঘোষনা করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২০২১ সালের ৭ নভেম্বর পাঁচবিবির উত্তর গোপালপুর মাঠ থেকে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও নেশাজাতীয় ভারতীয় ৭৯০ পিস ইঞ্জেকশনের এ্যাম্পুল নিয়ে পালানোর সময় পাঁচবিবির আটাপাড়া বিওপির বিজিবি সদস্যরা আসামী এমরান হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিজিবি সদস্যরা উল্লেখিত মাদক উদ্ধার করে। পরে এ ঘটনায় আটাপাড়া বিওপির নায়েক সুবেদার মহাতাব উদ্দিন পাঁচবিবি থানায় এমরান হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
তদন্ত শেষে ২০২২ সালের ১৬ জানুয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: মাসুদ আলম খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানী শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালত আসামীর বিরুদ্ধে এ রায় ঘোষনা করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আহসান হাবীব চপল।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর