ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহর শহরের বাম্পুর গ্যারিসনে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাত সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, ৩৮৮তম ব্রিগেডের ব্যারাকে যুক্তরাষ্ট্র ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলায় সেনাদের আবাসন, গার্ড পোস্ট এবং একটি অতিথিশালা লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ইরানের সেনাবাহিনীর দাবি, হামলার উদ্দেশ্য ছিল সর্বোচ্চ প্রাণহানি ঘটানো। তবে আগে থেকেই নেওয়া ‘প্যাসিভ ডিফেন্স’ বা প্রতিরক্ষামূলক নিরাপত্তা ব্যবস্থা থাকায় হতাহতের সংখ্যা সীমিত রাখা সম্ভব হয়েছে।
এ হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ উল্লেখ করে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “এই অপরাধের যথাযথ সময়ে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে।”
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
সাজু/নিএ
সর্বশেষ খবর