আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার (১৫ জুলাই) স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বেড়েছে। এর ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে।
বাংলাদেশ সময় দুপুর ২টা ৫ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ২৫ ডলার ১২ সেন্টে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ১ শতাংশ কমে ৪ হাজার ৩০ ডলার ৪০ সেন্টে দাঁড়ায়।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জুন মাসের মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার তুলনায় ইতিবাচক আসার পর স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে ৪ হাজার ১০০ ডলার ৪৯ সেন্ট পর্যন্ত উঠেছিল।
তবে বুধবার টানা তৃতীয় দিনের মতো তেলের দাম বাড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহাল এবং নতুন হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওআন্ডা–এর জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওয়ং বলেন, বর্তমানে বিনিয়োগকারীরা মূল্যস্ফীতির চেয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর বেশি নজর দিচ্ছেন। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার কারণে তেলের দাম বাড়ছে, যার প্রভাব পড়ছে স্বর্ণের বাজারেও।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ জানিয়েছে, মূল্যস্ফীতি স্থায়ীভাবে নিয়ন্ত্রণে এসেছে—এমন সিদ্ধান্তে পৌঁছাতে আরও ইতিবাচক অর্থনৈতিক তথ্যের প্রয়োজন। তাই বাজারের নজর এখন যুক্তরাষ্ট্রের প্রযোজক মূল্যসূচক (পিপিআই) প্রকাশের দিকে, যা ফেডের ভবিষ্যৎ সুদের হার নীতির ইঙ্গিত দিতে পারে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮.১৮ ডলার, প্লাটিনামের দাম ০.২ শতাংশ কমে ১ হাজার ৬২৮.০৬ ডলার হয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩১১.৮৪ ডলারে পৌঁছেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর