• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৯:০২ রাত

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

ছবি: সংগৃহীত

ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব বন্ধ করতে প্রস্তুত থাকতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে নির্দেশ দিয়েছে তেহরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে বৃহস্পতিবার (১৬ জুলাই) রয়টার্স এ তথ্য জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও বড় সংকটে পড়তে পারে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বিষয়টি ইরানের শীর্ষ নেতৃত্বের পর্যায়ে আলোচনা হয়েছে এবং ইতোমধ্যে হুতদের কাছে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। দুইজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এবং আঞ্চলিক এক সূত্র পরিচয় গোপন রাখার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, সম্প্রতি হুতিদের এই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কীভাবে বার্তাটি পৌঁছানো হয়েছে বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার আগে নাকি পরে এটি পাঠানো হয়েছে, সে বিষয়ে তারা বিস্তারিত জানাননি।

রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুতি মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সংগঠনটি ইতোমধ্যে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে। ইয়েমেনের হোদেইদা উপকূল, এডেন উপসাগরসংলগ্ন পার্বত্য এলাকায় এসব অস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং চূড়ান্ত নির্দেশ পেলেই তারা জাহাজ চলাচল লক্ষ্য করে হামলা শুরু করতে পারে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ইতোমধ্যেই বন্ধ থাকায় বাব আল-মান্দেবেও অস্থিতিশীলতা তৈরি হলে মধ্যপ্রাচ্যের দুটি প্রধান জ্বালানি রপ্তানি পথ একযোগে কার্যত অচল হয়ে পড়বে। এতে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।

হুতিদের ঘনিষ্ঠ সূত্রটি আরও দাবি করেছে, ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রতিনিধিরাই বাব আল-মান্দেব প্রণালি কখন বন্ধ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, বৈশ্বিক অর্থনীতির ওপর সম্ভাব্য চাপ বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করাই ইরানের কৌশলের অংশ।

সূত্রটি আরও দাবি করেছে, বাব আল-মান্দেব প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রেরও প্রয়োজন নেই। তার ভাষায়, একটি সাধারণ রাইফেলধারীও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে সক্ষম।

ইরান হুতিদের নিজেদের আঞ্চলিক প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে বিবেচনা করে। এই জোটে লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের কয়েকটি শিয়া সশস্ত্র গোষ্ঠীও রয়েছে, যারা তেহরান ও ওয়াশিংটনের চলমান সংঘাতের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত হয়েছে। তবে হুথিরা এখনও আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে সরাসরি অংশ নেওয়ার ঘোষণা দেয়নি।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান হুথিদের অস্ত্র, অর্থায়ন ও সামরিক প্রশিক্ষণ দিয়ে থাকে এবং এ ক্ষেত্রে হিজবুল্লাহর মাধ্যমে সহযোগিতা পৌঁছে দেওয়া হয়। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]