• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৫:২২ বিকাল

বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। তবে এই ম্যাচটি শুধু শিরোপা ধরে রাখার লড়াই নয়, লিওনেল মেসির জন্য ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখানোরও সুযোগ। ফাইনালে খেলতে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে থাকবে একাধিক ব্যক্তিগত ও দলীয় রেকর্ড গড়ার সম্ভাবনা।

৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে অংশ নিতে যাচ্ছেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার। সামগ্রিকভাবে এই রেকর্ড এখনও ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে রয়েছে।

স্পেনের বিপক্ষে এটি হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়বেন। এর আগে ডিয়েগো ম্যারাডোনা দুবার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন। বিশ্ব ফুটবলে শুধুমাত্র ব্রাজিলের কিংবদন্তি কাফুই এর আগে তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব করেছেন।

ফাইনালে জয় পেলে আরও কয়েকটি ঐতিহাসিক অর্জন যুক্ত হবে মেসির নামের পাশে। তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক, যিনি দুইবার শিরোপা জিতবেন। একই সঙ্গে আর্জেন্টিনা ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবে। এছাড়া টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সি ফুটবলার হওয়ার রেকর্ডও গড়বেন মেসি।

ব্যক্তিগত গোলের রেকর্ডেও নজর থাকবে এই মহাতারকার দিকে। ফাইনালে একটি গোল করতে পারলেই তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা সবচেয়ে বেশি বয়সি ফুটবলার হবেন। বর্তমানে এই রেকর্ডটি সুইডেনের নিলস লিডহোমের দখলে। পাশাপাশি একটি গোলই তাকে ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের করা এক আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ আট গোলের রেকর্ড ছাড়িয়ে যেতে সাহায্য করবে।

দুটি গোল করতে পারলে মেসির সামনে খুলে যাবে আরও বড় এক মাইলফলক। এক বিশ্বকাপে ১০ গোলের ঘরে পৌঁছে যাবেন তিনি। ইউরোপের বাইরের কোনো ফুটবলারের জন্য যা হবে প্রথম অর্জন। এর আগে এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করেছেন শুধুমাত্র জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলার।  

২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবারও ফাইনালে গোল পেলে তিনি বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন ফাইনালে গোল করার কীর্তি গড়বেন। আর দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠবেন। হ্যাটট্রিক করতে পারলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড।

এছাড়া ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারলে আরও একটি অনন্য অর্জনের মালিক হতে পারেন মেসি। বর্তমানে বিশ্বকাপজয়ী দলের হয়ে এক আসরে সর্বোচ্চ আট গোলের রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর দখলে, যা তিনি ২০০২ বিশ্বকাপে গড়েছিলেন। সেই রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ থাকবে আর্জেন্টাইন অধিনায়কের সামনে।

সব মিলিয়ে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের এই মহারণ শুধু আর্জেন্টিনার শিরোপা রক্ষার লড়াই নয়, লিওনেল মেসির জন্যও হতে পারে রেকর্ডের খাতা নতুন করে লেখার এক ঐতিহাসিক রাত।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]