ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিস নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে বলা হয়, ইরাকের শিয়া গোষ্ঠীগুলোর সদস্য ও সমর্থকদের অনুদানে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ট্রাম্পকে হত্যাকারী বা হত্যাকাণ্ড সফল করতে ভূমিকা রাখা ব্যক্তিকে এই অর্থ দেওয়া হবে।
'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক' নামের এই জোট অতীতে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা এবং ইসরায়েলের বিরুদ্ধে একাধিক হামলার দায় স্বীকার করেছে।
এদিকে ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ইরান তার বিরুদ্ধে হত্যাচেষ্টার পরিকল্পনা করছে। এর আগে ২০২৪ সালে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্ট এবং আফগান নাগরিক ফারহাদ শাকেরির বিরুদ্ধে ট্রাম্পসহ মার্কিন কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।
তবে ট্রাম্পকে হত্যার বিনিময়ে পুরস্কার ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর