ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সময়ে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
আল জাজিরা শনিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে জানায়, লিখিত এক বিবৃতিতে খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের সঙ্গে হওয়া চুক্তিগুলো বারবার লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, ওয়াশিংটন ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে।
এদিকে সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে অংশীদার বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনরত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও একজন সেনাকে 'নিখোঁজ' (Missing in Action) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ৬ জুলাই থেকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া, ইরানের জাতীয় পানি কোম্পানির দাবি, সর্বশেষ মার্কিন হামলায় দক্ষিণাঞ্চলের ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানির সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ মার্কিন হামলার জবাবে তারা বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তবে কুয়েতের দাবি, ইরানের হামলার লক্ষ্য ছিল দেশটির দুটি বিদ্যুৎ ও পানি স্থাপনা।
সূত্র: আল জাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর