উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে বরগুনার পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ) বিকেল ৩টায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনে এ কর্মসূচির আয়োজন করে যুব নেটওয়ার্ক এক্টিভিস্তা। “আমাদের পানি, আমাদের অধিকার (Our Water, Our Right)” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রচারাভিযানে সভাপতিত্ব করেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এসময় বক্তব্য দেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম, এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, সমাজসেবক ইরফান আহমেদ সোয়েন, দৈনিক সমকালের প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, ইউনিয়ন সিপিপির টিম লিডার মো. হারুন অর রশিদ এবং সমাজসেবক মো. রুস্তুম আলী হাওলাদার। কর্মসূচিতে পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সরকার ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। শত শত নারী কলস হাতে প্রচারাভিযানে অংশগ্রহণ করায় কর্মসূচিটি ভিন্ন মাত্রা পায়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি এবং ভূগর্ভস্থ সুপেয় পানির সংকটের কারণে পাথরঘাটাসহ উপকূলীয় এলাকায় নিরাপদ পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে। এ সংকট মোকাবিলায় সরকারের বৃহৎ ও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি বিষয়টি নীতিনির্ধারকদের নজরে আনতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্য ও চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম স্থানীয়দের দাবির বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। আয়োজকরা জানান, এটি শুধু একটি প্রচারাভিযান নয়; নিরাপদ ও সুপেয় পানিকে মানুষের মৌলিক ও ন্যায্য অধিকার হিসেবে প্রতিষ্ঠার একটি মানবিক উদ্যোগ। এক্টিভিস্তা বরগুনার সদস্য মো. জাকির হোসেন নাইম বলেন, “এই প্রচারাভিযানের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নিরাপদ পানির সংকটকে জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলবাসীর জন্য টেকসই ও কার্যকর পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর