বরগুনার তালতলী উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ তিন হাজার টাকাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা এর নির্দেশনায় জেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে তালতলী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ২ নম্বর ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে রাহিমা বেগমের টং ঘর ও সংলগ্ন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোসা. রাহিমা বেগম (৬০), স্বামী: মৃত জব্বার হাওলাদার এবং মোসা. নাসিমা বেগম (২৬), স্বামী: মো. আলমগীর হাওলাদার। তাদের উভয়ের বাড়ি তালতলী উপজেলার ঠংপাড়া এলাকায়।
তালতলী থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। পুলিশ আরও জানায়, মাদক, চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্ব ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর