কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পরিচালিত সমন্বিত যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ এক দুর্ধর্ষ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় মাদক, পরোয়ানাভুক্ত আসামি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত আরও ১৬ জনকে আটক করা হয়েছে। অভিযানে মোট ১৭ জনকে আইনের আওতায় আনা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে জেলা পুলিশ, এপিবিএন, বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, আনসার, র্যাব, সিআইসি অফিস ও টেকনাফ উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ২৩০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্রধারী, অপহরণকারী, চাঁদাবাজ, মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সদস্যদের গ্রেপ্তার এবং অস্ত্র-মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নয়াপাড়া ক্যাম্পের এইচ-ব্লকের মাঠসংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাদ্দাম ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য ও একাধিক হত্যা মামলার আসামি জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় ওয়ান শুটার গান ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার জিয়াউর রহমান নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা। তার বিরুদ্ধে অপহরণ, অপহরণপূর্বক হত্যা ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি নিয়মিত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া অভিযানে ২২ পিস ইয়াবাসহ একজন মাদক মামলার আসামি, এক পরোয়ানাভুক্ত আসামি এবং অনলাইন জুয়া খেলার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। অপর নয়জনকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে জনকল্যাণমূলক সশ্রম কাজে নিয়োজিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর