বিশ্বকাপ শেষে ব্রাজিলে ফিরেই সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। সান্তোসের ম্যাচে না গিয়ে পোকার খেলায় অংশ নেওয়ায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। তবে মাঠে ফিরে প্রথম ম্যাচেই গোল করে সমালোচকদের জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা—একটি নয়, করেছেন জোড়া গোল।
গত রাতে ব্রাজিলিয়ান সিরি’আতে শাপকোয়েন্সের বিপক্ষে মাঠে নামে সান্তোস। ম্যাচটির আগে অবনমন অঞ্চলে থাকা দলটির জন্য জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ম্যাচেই সান্তোসের হয়ে জ্বলে ওঠেন নেইমার।
প্রথমার্ধে বক্সের ভেতর সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল দেওয়া-নেওয়ার পর চমৎকার শটে গোল করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। গোলের পর পোকার খেলার ভঙ্গিতে উদযাপন করেন তিনি। সান্তোসের ম্যাচ বাদ দিয়ে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে যে সমালোচনা হয়েছিল, সেই সমালোচনার জবাব হিসেবেই নেইমারের এই উদযাপন বলে মনে করা হচ্ছে।
তবে এরপর ম্যাচে নাটকীয় মোড় আসে। শাপকোয়েন্স ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে এগিয়ে যায়। মনে হচ্ছিল, নেইমারের প্রত্যাবর্তন শেষ পর্যন্ত হতাশায় পরিণত হবে। কিন্তু ম্যাচের শেষ দিকে আবারও ত্রাতা হয়ে ওঠেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। শেষ মুহূর্তে গোল করে সান্তোসকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন তিনি।
ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার পর কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার পর এটিই ছিল নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন। চোটের সমস্যা ও ফিটনেস প্রোগ্রামের কারণে বিশ্বকাপ চলাকালে তাকে ব্রাজিলেই রাখা হয়েছিল এবং সান্তোসও তাকে দলের সঙ্গে পাঠায়নি।
এর আগে সমালোচনার জবাবে সান্তোসের অনুশীলন মাঠ থেকে ভিডিও বার্তা দিয়েছিলেন নেইমার। সেখানে তিনি বলেন, ‘আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে যাইনি, কারণ আমি সবে অনুশীলন শুরু করেছিলাম। পরের দিন আমার ছুটি ছিল।’
সমালোচকদের উদ্দেশে ব্যঙ্গ করে তিনি আরও বলেন, ‘এখন আমি অনুশীলনের জন্য প্রস্তুত হচ্ছি। আমি কি অনুশীলন করতে পারি, নাকি তোমরা আমাকে সমালোচনা করতেই থাকবে? নিজের কাজে মন দাও।’
শাপকোয়েন্সের বিপক্ষে ম্যাচে কোনো কথা না বলেই নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন নেইমার। গোলের পর পোকার হাতের ভঙ্গিতে তার উদযাপন যেন সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা—জবাব তিনি কথায় নয়, মাঠেই দেবেন।
নেইমারকে নিয়ে বিতর্ক থামবে কি না, তা সময়ই বলবে। তবে প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই জোড়া গোল করে আবারও প্রমাণ করলেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে তিনি এখনো সমানভাবে সক্ষম।
কুশল/সাএ
সর্বশেষ খবর