বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে মাঠে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন নেইমার। সান্তোসের হয়ে প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই করেছেন জোড়া গোল। তবে সেই ম্যাচের পরই পেলেন দুঃসংবাদ—হলুদ কার্ডের কারণে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
ম্যাচের প্রথমার্ধে সান্তোস খুব বেশি প্রভাব বিস্তার করতে না পারলেও বিরতির আগে দলকে এগিয়ে দেন নেইমার। সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোলটি করেন তিনি।
তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় শাপকোয়েন্স। দুটি গোল করে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা।
ম্যাচের শেষ দিকে অন্তত এক পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে সান্তোস। পরিষ্কার সুযোগ তৈরি করতে না পারলেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে তারা। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতরে ক্যাবায়েরোকে ফাউল করেন শাপকোয়েন্সের ব্রুনো মাতিয়াস সান্তোস। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে সান্তোসকে ২-২ ব্যবধানে সমতায় ফেরান নেইমার।
তবে ম্যাচের শুরু থেকেই রেফারির কয়েকটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড় ব্রুনো তুবারা তাকে ফাউল করলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।
এই হলুদ কার্ডের কারণেই লিগের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না নেইমার। ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক হলুদ কার্ড জমলে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা কার্যকর হয়। শাপকোয়েন্সের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় চলতি লিগে নেইমারের কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।
এর আগে হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এবার একই কারণে আবারও নিষেধাজ্ঞায় পড়লেন নেইমার। ফলে লিগে সান্তোসের পরবর্তী ম্যাচে সাও পাওলোর বিপক্ষে মাঠে নামতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।
কুশল/সাএ
সর্বশেষ খবর