জাতীয় পার্টির (জাপা) আয়কে ছাড়িয়ে গেছে ব্যয়। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া দলটির বার্ষিক আয়-ব্যয়ের হিসাবে দেখা গেছে, গত বছর তাদের আয় হয়েছে ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। ফলে বছরে দলটির ব্যয় আয়ের তুলনায় ৫ লাখ ৭৯ হাজার ১৬৩ টাকা বেশি হয়েছে। দলটির দাবি, নির্বাচনকে কেন্দ্র করে ব্যয় বেড়ে যাওয়ায় এ ঘাটতি তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে গত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেয় দলটি।
আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর দলটির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের দলের আয় হয়েছে ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩। এক্ষেত্রে আমাদের ৫ লাখ ৭৯ হাজার ১৬৩ টাকা বেশি খরচ হয়েছে। অন্যদিকে গতবছরের (২০২৪) স্থিতিসহ ব্যাংকে জমা ছিল ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা। ২০২৫ সালের খরচ শেষে এখন জমা আছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা জমা আছে। এ বছর নির্বাচন হওয়ায় আমাদের খরচ বেশি হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে জাপার সমর্থিত প্রার্থী থাকবে জানিয়ে তিনি বলেন, এবার স্থানীয় সরকার দলগতভাবে অংশ নেওয়ার সুযোগ নেই। তারপরও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের বাইরে থাকে না, সমর্থন করে থাকে। গতবার আনুষ্ঠানিক ভাবে প্রার্থী দিলেও, এবার আমাদের প্রার্থীরা যার যার মতো অংশ নেবে এবং আমাদের তাতে সমর্থন থাকবে।
সর্বশেষ খবর