কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে অনুষ্ঠিত তিনটি বিষয়ের পরীক্ষায় মোট ২ হাজার ১০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সোমবার (২৭ জুলাই) বিকেল সোয়া ৩টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন কুমিল্লা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৯৩টি কেন্দ্রে মোট ৭২ হাজার ২৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ হাজার ১৫৯ জন পরীক্ষায় অংশ নেন। বাকি ২ হাজার ১০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ২ দশমিক ৯১ শতাংশ। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লায় ৭০৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩০১ জন, চাঁদপুরে ১২৮ জন, ফেনীতে ১৮২ জন, নোয়াখালীতে ৫৭২ জন এবং লক্ষ্মীপুরে ২১৩ জন ছিলেন।
এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লায় একজন, নোয়াখালীতে তিনজন এবং ফেনীতে একজনসহ মোট পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর