• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪৪ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৩:৪৬ দুপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভেম্বর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারও পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো— কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, চারুকলা এবং আইবিএ।

নির্ধারিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। অন্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

পরীক্ষার নম্বর বণ্টনেও আগের ধারা বহাল রাখা হয়েছে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। আইবিএ ইউনিটে থাকবে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা।

সময় বণ্টন অনুযায়ী, চারুকলা ইউনিটে এমসিকিউর জন্য ৩০ মিনিট এবং অঙ্কনের জন্য ৬০ মিনিট বরাদ্দ থাকবে। আইবিএ ইউনিটে এমসিকিউর জন্য ৯০ মিনিট ও বর্ণনামূলক অংশের জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অন্য ইউনিটগুলোতে এমসিকিউ ও লিখিত অংশের জন্য পৃথকভাবে ৪৫ মিনিট করে সময় দেওয়া হবে।

মোট ১২০ নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষার ফল মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার জন্য ১০০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০ নম্বর যোগ হবে।

এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে না। আবেদন করতে হলে প্রার্থীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি (চতুর্থ বিষয়সহ) জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং পৃথকভাবে অন্তত ৩.৫ থাকতে হবে। তবে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং পৃথকভাবে অন্তত ৩.০ থাকতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএর যোগফল অন্তত ৮.০ ও পৃথকভাবে ৩.৫ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে যোগফল ৭.৫ ও পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করতে জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং পৃথকভাবে ৩.০ প্রয়োজন। এ ইউনিটে বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএর যোগফল ন্যূনতম ৮.০ ও পৃথকভাবে ৩.৫ এবং মানবিক বিভাগের ক্ষেত্রে যোগফল ৭.৫ ও পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

চারুকলা ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তাদের পাঠ্যক্রম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]