বিশ্বকাপ শেষ হওয়ার পর ২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখানো একাধিক ফুটবলার যেমন নিজেদের অবস্থান শক্ত করেছেন, তেমনি পুরো মৌসুমে ধারাবাহিক নৈপুণ্যও বিবেচনায় রাখা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন রদ্রি, হ্যারি কেইন, লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।
র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের পাশাপাশি স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ক্লাব পর্যায়ে ইনজুরি কাটিয়ে ফেরার কারণে মৌসুমের শুরুটা প্রত্যাশামতো না হলেও বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স তাকে আবারও ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদারে পরিণত করেছে।
দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে ২০২৫-২৬ মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করে ইউরোপের অন্যতম সফল গোলদাতায় পরিণত হন তিনি। লিগ ও কাপ—দুই শিরোপা জয়ের পাশাপাশি বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে ছয় গোল করেছেন এই স্ট্রাইকার। অনেক বিশ্লেষকের মতে, ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে কেইনই সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
তৃতীয় স্থানে উঠে এসেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ—ফুটবলের দুই বড় আন্তর্জাতিক শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। বার্সেলোনার হয়েও দুর্দান্ত মৌসুম কাটানো এই উইঙ্গারকে ভবিষ্যতের ব্যালন ডি’অর জয়ী হিসেবে দেখছেন অনেক ফুটবল বিশ্লেষক।
চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পাশাপাশি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। যদিও রিয়াল মাদ্রিদের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি, ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন দুর্দান্ত।
শীর্ষ পাঁচের শেষ নামটি লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে আট গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও পুরো আসরে তার পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এখনও ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে তার।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর