প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। আগামী বুধবার ঢাকায় পৌঁছাবে দলটি। ১৩ দিনের সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা।
সফরের সূচি অনুযায়ী, ৮ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২, ১৪ ও ১৬ আগস্ট মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে মঙ্গলবার ১৫ সদস্যের এইচপি দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীর পাশাপাশি জায়গা পেয়েছেন তরুণ প্রতিভাবান ক্রিকেটার জিসান আলম, আরিফুল ইসলাম ও জাওয়াদ আবরার। এছাড়া জাতীয় দলের পেসার আব্দুল গাফফার সাকলায়েন এবং অভিজ্ঞ পেস অলরাউন্ডার আবু হায়দার রনিও স্কোয়াডে রয়েছেন।
দুইটি টি-টোয়েন্টি ম্যাচ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা থেকে শুরু হবে। অন্যদিকে, তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।
বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) টি-টোয়েন্টি স্কোয়াড:
জিসান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহরব হাসান, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলায়েন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বী ও ইকবাল হোসেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর