জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বেপরোয়া বাইক চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সাথে সংঘর্ষে এক নারী শিক্ষার্থী গুরুত্ব আহত হন। এসময় মটোর সাইকেলে ছিলেন দর্শন বিভাগের ৫১ ব্যাচের মনির হোসেন।
মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন টারজান পয়েন্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত শিক্ষার্থীর নাম আয়েশা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। দুর্ঘটনায় তার ঠোট ফেটে যায়, একটি দাত ভেঙ্গে যায় এবং নাকে প্রচন্ড ব্যাথা পান। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, দুপুরে একটি ব্যাটারিচালিত রিকশায় করে মেয়েদের হলের দিকে যাচ্ছিলেন আয়েশা ও তাঁর বন্ধু। সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেল তার রিকশাকে ধাক্কা দেয়। এতে তাঁদের রিকশাটি উল্টে যায়। রিকশা থেকে পড়ে তিনি নাক, ঠোট ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তাঁর একটি দাত ভেঙ্গে যায়। পরে তাঁকে ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এব্যাপারে বক্তব্য জানাতে চাইলে মনির হোসেন বলেন, “আমি ডেইরি গেটের দিকে যাচ্ছিলাম। আমার মোটরসাইকেলের গতি ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটারের মতো ছিল। অটোরিকশাটি সম্ভবত ডেইরি গেটের দিক থেকে আসছিল। সে সময় আমি টারজানের দিক থেকে কোনো যানবাহন আসছে কি না, সেটি দেখছিলাম। হঠাৎ করেই অটোরিকশাটি টারজানের দিকে ইউ-টার্ন নেয়। বিষয়টি বুঝে ওঠার আগেই মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ ঘটে।”
এঘটনায় আহত নারী শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হলে তার পক্ষ থেকে তার সহপাঠী সুষ্ঠু বিচারের দাবী করেন। পাশাপাশি যানচলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রিত গতির কথা বলেন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ বলেন, ‘মটোরসাইকেলটি বেপরোয়া চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শিক্ষার্থীদের রিক্সার সাথে সংঘর্ষ ঘটে যায়। পরবর্তীতে আহত নারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসা হয়। আমরা বাইকটি আটক করে রেখেছি।'
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর