বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই নিজেদের সিদ্ধান্তে স্থির থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করায় জামায়াত ও এনসিপিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
রবিবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
পোস্টে তিনি লিখেছেন, ‘জামায়াত কখনোই সিদ্ধান্তে স্থির থাকতে পারে না, সেটার প্রমাণ তারা আবারও দিলো রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির আগে প্রার্থী ঘোষণা করে।’
জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সময়ও জামায়াত তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছিল বলে অভিযোগ করেন রাশেদ খান। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দেবে না—এমন খবরের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, জাতীয় নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরেই কি জামায়াত-এনসিপি নির্বাচন বর্জন করেছিল?
রাশেদ খান বলেন, নির্বাচনে জয়ী হওয়ার চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করাটাই গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ। জাতীয় নির্বাচনের পর রাষ্ট্রপতি নির্বাচনেও বিরোধী দলের অংশ নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে।
তিনি আরও বলেন, ‘বিরোধী দল হিসেবে ফাংশন করতে হলে, হেরে যাওয়ার নিশ্চিত সম্ভাবনা থাকলেও নির্বাচনী প্রক্রিয়াগুলোতে অংশগ্রহণ করতে হবে। এটাই সংসদীয় রাজনীতি।’ এ রাজনীতিতে অংশগ্রহণ করায় জামায়াত-এনসিপিকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে রোববার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করে ১১ দলীয় জোট। জোটের বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করার বিষয়েও মন্তব্য করেন রাশেদ খান। তিনি লিখেছেন, ‘আমার ধারণা, কর্নেল অলি আহমদ হয়তো জামায়াত-এনসিপির কাছেও বারডেন হয়ে যাচ্ছে। এজন্য তাকে কৌশলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করে জোটের নেতৃত্ব থেকে বিদায় জানাল।’
রাশেদ খানের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের জয়ী হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর তার আর জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকার সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর