কুমিল্লায় বিদ্যুতায়িত হয়ে, সড়ক দুর্ঘটনায় ও সাপের কামড়ে আলাদা স্থানে গৃহবধূসহ তিনজনের মর্মা্ন্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার (৩৩), পৌর এলাকার শ্রীপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে সামছুল হক (৬৫) এবং গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের জাহাঙ্গীর কবির ওরফে মনু মিয়ার ছেলে আল জাবির অভি (২২)।
বুধবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে বাড়িতে তারে রোদে কম্বল শুকাতে দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন বিলকিছ আক্তার। একই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় সড়ক পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সামছুল হক।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। অপর দিকে, মঙ্গলবার রাতে গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে হাঁটার সময় বিষধর সাপের কামড়ে আহত হন আল জাবির অভি। পরে তিনি বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানান। এরপর তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে অভিকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বলেন, হাসপাতালে আনার আগেই বিলকিছ আক্তার ও সামছুল হক মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া সাপের কামড়ে আহত অভিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর তার মৃত্যুর খবর পেয়েছি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর