লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ ঘটনায় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে যোগাযোগ করছে পাকিস্তান। হামলার বিস্তারিত তথ্য ও পরিস্থিতি জানার চেষ্টা চলছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হুতিদের এই হামলাকে লোহিত সাগরে নৌ চলাচল, সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেন।
এর আগে মঙ্গলবার বাব আল-মান্দাব প্রণালিতে একটি ছোট কার্গো জাহাজে হুতিদের হামলার খবর পাওয়া যায়। রয়টার্সের বরাতে শাফাক নিউজ জানিয়েছে, ওই হামলায় তিন ক্রু নিহত হন।
তবে পরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কোস্টগার্ড জানিয়েছে, হামলায় মোট ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে পাকিস্তান।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর