একদিন বাড়ার পরই বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণীর দিকে। সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এতে নতুন কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না, তা পর্যবেক্ষণ করছেন তারা।
বুধবার (৭ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫০ ডলারে নেমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দামও দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৭৭ ডলারে দাঁড়ায়।
নাগাডটকমের বাজার বিশ্লেষক ফ্র্যাঙ্ক ওয়ালবাম বলেন, স্বর্ণের দাম বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সামান্য নিম্নমুখী প্রবণতা দেখা যেতে পারে।
তিনি বলেন, ফেডের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশ হলে মুদ্রানীতি ও সুদের হার বাড়ানোর বিষয়ে নীতিনির্ধারকদের মধ্যে কতটা সমর্থন রয়েছে, সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এর ফলে ভবিষ্যতে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের হিসাবও পরিবর্তিত হতে পারে।
ওয়ালবাম আরও বলেন, মধ্যপ্রাচ্যে কোনো নতুন ঘটনা ঘটলে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের আয়, মার্কিন ডলার কিংবা তেলের দামে পরিবর্তন আসতে পারে। এসব পরিবর্তন স্বর্ণের দামের ওপর প্রভাবকে আরও জোরালো করতে পারে।
এদিকে ফেড কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অবস্থানের বিষয়টি উঠে এসেছে। ফলে সুদের হার ও মুদ্রানীতি নিয়ে ফেডের পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত পেতে বিনিয়োগকারীরা বৈঠকের কার্যবিবরণীর দিকে তাকিয়ে রয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর