• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৫:২৭ বিকাল

দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার মাটিতে দাপট বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ইতিহাসগড়া সেঞ্চুরি, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস এবং শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দৃঢ়তায় বড় লিডের পথে এগিয়ে গেছে টাইগাররা।

মারারা স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে ১১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান করেছে বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করেছিল সফরকারীরা। ফলে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে, হাতে রয়েছে আরও চার উইকেট।

দিনের শুরুতে ১ উইকেটে ৯৬ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। এরপর পুরো দিনজুড়ে ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখায় সফরকারীরা। সবচেয়ে উজ্জ্বল ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১৯৭ বলে ১০১ রানের ইনিংস খেলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটারও হয়েছেন তানজিদ।

তানজিদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ধৈর্যশীল ব্যাটিংয়ে ৮৪ রান করেন তিনি। এছাড়া মুমিনুল হক ৪৯ এবং মুশফিকুর রহিম ৩৬ রান করে দলের স্কোর বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তৃতীয় সেশনে দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে অস্ট্রেলিয়া। দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলেও শেষ পর্যন্ত সেই চাপ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিমকে অল্প সময়ের ব্যবধানে ফিরিয়ে দেওয়ার পরও বাংলাদেশের লোয়ার অর্ডার দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে।

ষষ্ঠ উইকেটের পতনের পর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ মিলে দারুণ লড়াই করেন। সপ্তম উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪৩ রান। দিন শেষে মিরাজ ৩২ ও হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত আছেন। 

দিনের শেষ বলেও ভাগ্য সহায় ছিল বাংলাদেশের। মারনাস লাবুশেনের বলে মিরাজের ক্যাচ গালিতে ফেলে দেন ক্যামেরন গ্রিন। ফলে শেষ মুহূর্তে উইকেট পাওয়ার সুযোগ হারায় অস্ট্রেলিয়া।

স্বাগতিকদের হয়ে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়ন।

তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের লক্ষ্য থাকবে দ্রুত বাকি চার উইকেটের ব্যাটারদের নিয়ে লিড আরও বড় করা। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে প্রথম চ্যালেঞ্জ হবে যত দ্রুত সম্ভব বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে বড় রান তুলে ম্যাচে ফেরার পথ তৈরি করা। ১৫৩ রানের লিড নিয়ে অবশ্য এই মুহূর্তে চালকের আসনে বাংলাদেশই।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]