দেশে গত ২৪ ঘণ্টায় হামের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও আর্ট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে ৭৯৮ শিশুর শরীরে। এ নিয়ে গত পাঁচ মাসে দেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০২ জনে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আট শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে ৯০২ শিশু।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৭০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৭২৮ শিশুর মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এ সময়ে নতুন করে ৭০০ শিশু চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ শিশুকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৭ হাজার ৮০০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যম নিশ্চিত হয়েছে।
হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি হামের কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর