দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়াকে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। ১৯৫৩ সালের যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরীয় যুদ্ধের সংঘাত থামলেও দুই দেশ এখনো আনুষ্ঠানিক শান্তিচুক্তিতে পৌঁছায়নি। জাপানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির বার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে লি এই আহ্বান জানান।
লি জে-মিয়ং বলেন, কোরীয় উপদ্বীপের ডিমিলিটারাইজড জোন বা ডিএমজেডে উত্তেজনা কমাতে নতুন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের বিষয়েও সরাসরি আলোচনায় বসতে চান তিনি। তার লক্ষ্য হলো দুই দেশকে শান্তিপূর্ণ সহাবস্থানের পথে নিয়ে যাওয়া এবং একে অপরের বিরুদ্ধে শত্রুতামূলক নীতি থেকে সরে আসা।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই লি উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন। তবে উত্তর কোরিয়া ২০২২ সালে নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং পারমাণবিক অস্ত্র ত্যাগ না করার অবস্থান স্পষ্ট করেছে।
লি এর আগেও বলেছিলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উৎপাদন সাময়িকভাবে বন্ধ করার জন্য কোনো বাস্তবসম্মত সমঝোতা হলে তিনি তা সমর্থন করবেন।
এদিকে, উত্তর কোরিয়া এখনো লির প্রস্তাবের আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি। বরং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়ার আগে গত মঙ্গলবার দেশটি সমুদ্রে নতুন করে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। চলতি বছরে এটি উত্তর কোরিয়ার ১১তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
সূত্র: বিবিসি
কুশল/সাএ
সর্বশেষ খবর