শহীদ শরিফ ওসমান হাদী হত্যার দ্রুত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে পদযাত্রাটি শুরু হয়। এর আগে সেখানে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাত করেন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা। পরে পদযাত্রা শুরুর পর বন্দর এলাকার সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করা হয়।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া হয়ে টেকনাফ পর্যন্ত এ কর্মসূচি ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।
সংগঠনটির ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থানরত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানিয়েছে তারা।
কর্মসূচির প্রথম দিনে বাংলাবান্ধা থেকে প্রায় ২১ কিলোমিটার পায়ে হেঁটে তেঁতুলিয়ায় গিয়ে দিনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে। এ সময় পথে বিভিন্ন বাজারে দাবিসংবলিত লিফলেট বিতরণ করবেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
উদ্বোধনী বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
হাদী হত্যাকাণ্ডের সঙ্গে ভারত, আওয়ামী লীগ ও ‘র’-এর সম্পৃক্ততার অভিযোগ তুলে জাবের বলেন, ইনকিলাব মঞ্চের অবস্থান কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়; তাদের আন্দোলন আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলেও তারা তার বিরোধিতা করবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, হাদী হত্যাকাণ্ডকে সাধারণ কোনো হত্যাকাণ্ড হিসেবে না দেখে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করে হত্যার বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া শাপলা চত্বর, পিলখানা ও জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে জাবের বলেন, ‘মার্চ ফর ইনসাফ’-এর মাধ্যমে এসব দাবির পক্ষে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি সরকারকে সহযোগিতা করতে চান তারা। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে কিংবা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর