ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সংশ্লিষ্ট ব্যাংকার ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ফল আমদানির এলসির নগদ মার্জিনের হার নির্ধারণ করা যাবে।
রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
সার্কুলারে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা সুসংহত রাখতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় কিছু বিলাসজাতীয় পণ্য ও দেশে উৎপাদিত বিকল্প পণ্যের আমদানিতে এলসি খোলার সময় ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছিল। ওই তালিকায় ফলও ছিল।
তবে বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও বৈদেশিক লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ধীরে ধীরে ফিরেছে। ফলে ফল আমদানির ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণের প্রয়োজনীয়তা কমেছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণ, ফল আমদানি সহজ করা এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, রোগী, বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী নারীর খাদ্যতালিকায় ফল গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান হওয়ায় এর সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনার ফলে আমদানিকারকদের এলসি খোলার সময় আগের মতো পুরো অর্থ নগদ মার্জিন হিসেবে সংরক্ষণ করতে হবে না। ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক, আর্থিক সক্ষমতা ও সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে মার্জিনের হার নির্ধারণ করা যাবে।
তবে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বরের সংশ্লিষ্ট সার্কুলার লেটার এবং এর মাধ্যমে জারি করা অন্যান্য নির্দেশনার বিধান অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর