নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে বাংলাদেশের সিনেমার জন্য নতুন দিগন্তের দুয়ার খুলছে। ভেনিস ও টরন্টো চলচ্চিত্র উৎসবের পর এবার ছবিটি নির্বাচিত হয়েছে ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে।
যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৮ অক্টোবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, উৎসবের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ১০টি সিনেমা। সেই তালিকায় রয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ও।
এর আগে বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসবগুলোর একটি ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয় সিনেমাটি। পরে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নেয় এটি। দুই উৎসবেই প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হওয়ার নজির গড়ে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
লন্ডন চলচ্চিত্র উৎসবের বেস্ট ফিল্ম বিভাগে রুবাইয়াত হোসেনের সিনেমাটির সঙ্গে প্রতিযোগিতা করবে জাপানের হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’, আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’, আইরিশ নির্মাতা ক্রিস্টিন মলয় ও জো ললারের ‘অ্যাক্ট ৩’, ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’, পোল্যান্ডের মালগোর্জাতা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের ‘দ্য ইডিয়টস’ এবং ডেনমার্কের মে এল-তুখির ‘উইমেন আননোন’।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’কে নির্মাতা রুবাইয়াত হোসেন একটি মনস্তাত্ত্বিক হরর সিনেমা হিসেবে বর্ণনা করেছেন। ছবির গল্প আবর্তিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে।
গল্পে প্রচলিত রয়েছে, এই পার্লারে একসময় এক কনের রহস্যজনক মৃত্যু হয়েছিল। সেই পার্লারেই বিয়ের প্রস্তুতি নিতে আসে এক তরুণী। এরপর ধীরে ধীরে তার সামনে উন্মোচিত হতে থাকে অদ্ভুত ও অতিপ্রাকৃত নানা ঘটনা। রহস্য, মনস্তত্ত্ব এবং অতিপ্রাকৃত আবহের মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার কাহিনি।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এই সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে তার। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারীও।
বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। রুবাইয়াত হোসেনের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।
ভেনিস থেকে টরন্টো, এরপর লন্ডন—আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ধারাবাহিক নির্বাচনের ফলে বাংলাদেশের সিনেমা নিয়ে বৈশ্বিক আগ্রহ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর