রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাদের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত অফিস সময়সূচি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দিয়ে একটি অফিস আদেশ জারি করেছে। সংস্থার প্রধান কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে সাম্প্রতিক আকস্মিক পরিদর্শনে দেখা গেছে, অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ের পর অফিসে উপস্থিত হচ্ছেন, বিনানুমতিতে অফিস ত্যাগ করছেন এবং কেউ কেউ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন।
এই প্রবণতাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর পরিপন্থী আখ্যা দিয়ে রাজউক জানিয়েছে, বিধিমালা অনুযায়ী বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনানুমতিতে অফিস ত্যাগ কিংবা বিলম্বে উপস্থিতির প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করা হবে।
একই অনিয়ম বারবার ঘটলে সাত দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তনের বিধানও রয়েছে। এছাড়া এ ধরনের কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং রাজউক কর্মকর্তা-কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলেও উল্লেখ করা হয়েছে।
আদেশে রাজউকের সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে বিলম্বে উপস্থিতি, ইচ্ছাকৃত অফিস ত্যাগ এবং বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি পরিহার করে সংশ্লিষ্ট সব বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মোঃ শাহীনুর আলম স্বাক্ষরিত এই আদেশের অনুলিপি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ রাজউকের সব সদস্য, প্রধান প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে, যাতে তাঁরা নিজ নিজ অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এই নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়নের ব্যবস্থা নেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর