স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসা অবহেলা কোনো রকম বরদাস্ত করা হবে না। চিকিৎসা অবহেলায় জড়িতদের বিরুদ্ধে বিধিমোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে তিন সন্তানের জননী কণিকা রানীর পেটে গজ রেখে সেলাই দেওয়ার পর মৃত্যুর ঘটনায় তার পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমাদের অবহেলার কারণে একজন মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না। পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে আমি এই বাড়িতে এসেছি। এই পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের স্থানীয় বিএনপি নেতারা এবং সরকার পাশে থাকবে। গত ১৭ বছর স্বাস্থ্যসেবাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সেখান থেকে উত্তরণে আমরা কাজ করছি। আমরা চাই স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে।" তিনি বলেন, "আমি ব্যক্তিগতভাবে এই পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছি। সরকার এই পরিবারের পাশে থাকবে এবং সব স্বাস্থ্যসেবা কেন্দ্র আধুনিকায়নের জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা সাধারণ জনগণ সুফল ভোগ করবে।"
এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার সামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, উপজেলা অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার, উপজেলা বিএনপি সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৯ জুন ফরিদপুর সমরিতা হাসপাতালে ডা. লক্ষ্মী রানী দত্তের মাধ্যমে সিজারিয়ান অপারেশনে কন্যা সন্তানের জন্ম দেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী কণিকা মণ্ডল (৩৫)। পরদিন তার পেট ফুলে যায়। অবস্থার অবনতি ঘটলে গত ৩ জুলাই তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। গত ৭ জুলাই পরীক্ষায় তার পেটে গজ পাওয়া যায়। সেদিনই অপারেশন করে তা বের করা হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকার কল্যাণপুরের ওই হাসপাতালে কণিকার মৃত্যু হয়।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর